খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন, ১৪৩৩

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

যোগফল প্রতিবেদক: 

কানাডায় উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির সুযোগ। অন্টারিও প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য দেওয়া হয় অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ (ওজিএস)। এ বৃত্তির আওতায় পরপর তিনটি স্টাডি টার্মের জন্য সর্বোচ্চ ১৫ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করে। তবে আবেদনকারীদের যোগ্যতা, আবেদনের সময়সীমা এবং বৃত্তির শর্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্ন হতে পারে।

বৃত্তিতে যেসব সুবিধা

অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পরপর দুইটি স্টাডি টার্মের জন্য ১০ হাজার কানাডিয়ান ডলার এবং পরপর তিনটি স্টাডি টার্মের জন্য ১৫ হাজার কানাডিয়ান ডলার পেতে পারেন।

এ ছাড়া এ বৃত্তি শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে যোগাযোগ তৈরি, একাডেমিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ করে দেয়।

যেসব ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে

অন্টারিও প্রদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির সুযোগ রয়েছে, সেগুলো হলো—

১. ব্রক ইউনিভার্সিটি
২. কার্লটন ইউনিভার্সিটি
৩. ইউনিভার্সিটি অব গুয়েলফ
৪. লেকহেড ইউনিভার্সিটি
৫. লরেনশিয়ান ইউনিভার্সিটি
৬. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি
৭. নিপিসিং ইউনিভার্সিটি
৮. ওসিএডি ইউনিভার্সিটি
৯. অন্টারিও টেক ইউনিভার্সিটি
১০. ইউনিভার্সিটি অব অটোয়া
১১. কুইন্স ইউনিভার্সিটি
১২. টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি
১৩. ইউনিভার্সিটি অব টরন্টো
১৪. ট্রেন্ট ইউনিভার্সিটি
১৫. ইউনিভার্সিটি অব ওয়াটারলু
১৬. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
১৭. উইলফ্রিড লরিয়ার ইউনিভার্সিটি
১৮. ইউনিভার্সিটি অব উইন্ডসর
১৯. ইয়র্ক ইউনিভার্সিটি।

আবেদনের যোগ্যতা 

এ বৃত্তির জন্য আবেদন করতে হলে অংশগ্রহণকারী কোনো অন্টারিও বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে কিংবা সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির পরিকল্পনা থাকতে হবে। বৃত্তি পাওয়ার সময় পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার শর্তও প্রযোজ্য।


এ ছাড়া আবেদনকারীকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম জিপিএ, একাডেমিক ফলাফল এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে অতিরিক্ত শর্ত থাকতে পারে।

আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে, সেগুলো হলো—

  • পূরণ করা আবেদনপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • সুপারিশপত্র

  • জীবনবৃত্তান্ত (সিভি)

  • মোটিভেশন লেটার বা ব্যক্তিগত উদ্দেশ্যপত্র

  • পরিচয়পত্র বা পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য

তবে সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা যাচাই করা জরুরি।

আবেদন করবেন যেভাবে

প্রথমে পছন্দের বিষয় ও প্রোগ্রাম অনুযায়ী অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ওয়েবপেজে গিয়ে ওজিএস বৃত্তির আবেদনপদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদনের শেষ সময় সম্পর্কে জানতে হবে।

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা আলাদা হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়া প্রয়োজন।

কানাডায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য অন্টারিও গ্র্যাজুয়েট স্কলারশিপ একটি সম্ভাবনাময় সুযোগ। তবে আবেদন করার আগে বৃত্তির শর্ত ও যোগ্যতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক তথ্য যাচাই করা উচিত।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

শিক্ষায় ভিন্ন মাত্রা । ব্লুমিং সান স্কুলে আয়োজিত হলো ‘শরৎ উৎসব-২০২৬’

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিক্ষায় ভিন্ন মাত্রা । ব্লুমিং সান স্কুলে আয়োজিত হলো ‘শরৎ উৎসব-২০২৬’
শোয়েব হোসেন:

পুঁথিগত শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, প্রকৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে রাজধানীর খিলক্ষেতের ব্লুমিং সান স্কুল। 

চার দেয়ালের শ্রেণিকক্ষের বাইরে এসে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যমুখী মনস্তত্ত্ব গড়ে তুলতে বিদ্যালয়টিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ ‘শরৎ উৎসব-২০২৬’। 
 
​উৎসবকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছিল শরতের কাশফুল ও স্নিগ্ধ রূপময় আবহে সাজানো বর্ণিল আমেজ। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় স্থান পায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং শিক্ষণীয় ছোট নাটিকা, যা উপস্থিত অতিথিমণ্ডলী ও অভিভাবকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।  

​অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও ব্লুমিং সান স্কুলের সভাপতি এ টি এম জসিম উদ্দিন বলেন, “শিক্ষা কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আত্মবিশ্বাস এবং আবহমান সচেতনতা তৈরিতে এমন সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”  

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইশতিয়াক। উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত খিলক্ষেত অঞ্চলের প্রথম ইংরেজি ভার্সন স্কুল হিসেবে পরিচিত এই বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলাম সহ অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 
 
​শিক্ষা পরিবেশ সুসংহত রাখার পাশাপাশি শিশুমননে নান্দনিকতার বিকাশ ঘটাতে দীর্ঘ দিন ধরেই নানা সহশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এমন আয়োজন ক্ষুদে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন বিশিষ্টজনরা।

শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার‘র লাইসেন্স না থাকায় অর্থদন্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার‘র লাইসেন্স না থাকায় অর্থদন্ড

ছবি যোগফল

 আবু নাঈম রিপন । নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ অপরাধে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার বিষয়টি সামনে আসে। পরে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করতে সেটি সিলগালা করে দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স থাকা গুরুত্বপূর্ণ। নিয়মনীতি অনুসরণ না করে এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করা হলে সেবার মান ও রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রচলিত বিধিবিধান মেনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা প্রয়োজন।

অভিযানে শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ উপস্থিত থেকে সহযোগিতা করেন। এ ছাড়া শিবপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটির লাইসেন্সসংক্রান্ত অনিয়মের বিস্তারিত তথ্য বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

যোগফল প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে একটি ভ্যানিটিব্যাগের ভেতর রাখা নয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-২। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে সোমবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুত রাখার তথ্য পায় সংস্থাটি। এর ভিত্তিতে সেখানে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানিটিব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল উদ্ধার করা হয়।

পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিরাপদে সরিয়ে নেয়। এরপর সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

এসআরবি-২ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম